‘বাংলা কিউআর’ স্ক্যান করে বই কিনলেন তথ্যমন্ত্রী

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
‘বাংলা কিউআর’ স্ক্যান করে বই কিনলেন তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক ঃ স্মার্ট ও আধুনিক অর্থনৈতিক রূপান্তরের অংশ হিসেবে ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে সম্পূর্ণ ক্যাশলেস (নগদবিহীন) প্রযুক্তিতে বই কিনেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের বিখ্যাত বইয়ের দোকান ‘বাতিঘর’ ও ‘প্রথমা প্রকাশনী’তে এই ব্যতিক্রমী লেনদেন করেন তিনি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় দেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণ ও ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী নিজেই এই তথ্য জানান।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে তথ্যমন্ত্রী বলেন, “আমি নিজে বহু বছর ধরে শাহবাগের আজিজ সুপার মার্কেটের এই বইয়ের দোকানগুলোর একজন অত্যন্ত নিয়মিত ক্রেতা। এতদিন এখানে বই কিনতে এসে সবসময় নগদ টাকায় মূল্য পরিশোধ করেছি। কিন্তু আজ একজন সাধারণ ক্রেতা হিসেবে জীবনের প্রথমবারের মতো ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তির মাধ্যমে বই কিনলাম। আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করার আগ পর্যন্ত একজন সাধারণ মানুষও আসলে বুঝতে পারে না যে আর্থিক লেনদেন কতখানি সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হতে পারে। আমাদের জাতীয় জীবনের সর্বক্ষেত্রেই এখন প্রযুক্তির এই সর্বোচ্চ ব্যবহার বাড়িয়ে দেওয়া উচিত।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশকে একটি প্রযুক্তিনির্ভর আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশের দিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এই রূপান্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হলো দেশের সামগ্রিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক ও ক্যাশলেস করা। বর্তমান সরকারের এই মেয়াদের মধ্যেই বাংলাদেশ সর্বোচ্চ মাত্রায় প্রযুক্তিনির্ভর ডিজিটাল লেনদেনের যুগে প্রবেশ করবে।”

বিগত সরকারগুলোর সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, “বিশ্বের অনেক দেশই প্রযুক্তিনির্ভর লেনদেনে আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। কিন্তু বিগত দিনের সরকারগুলোর নীতিগত বিলম্ব, উদাসীনতা কিংবা ব্যর্থতার কারণে রাষ্ট্র ও দেশের সাধারণ মানুষকে এই আধুনিক প্রযুক্তির সাথে এতদিনেও পুরোপুরি সংযুক্ত করা সম্ভব হয়ে ওঠেনি। বর্তমান তারেক রহমানের সরকার সেই দীর্ঘদিনের জড়তা ভেঙেছে এবং ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে আজ ক্যাশলেস লেনদেনের আনুষ্ঠানিক সফল যাত্রা শুরু হলো।”

ডিজিটাল অর্থনীতির এই সময়োপযোগী উদ্যোগের জন্য সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেশের জনগণের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি এই আধুনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকা ডাচ-বাংলা ব্যাংকের ‘রকেট’ মোবাইল ব্যাংকিং সার্ভিসসহ সংশ্লিষ্ট সব বাণিজ্যিক ব্যাংক এবং দেশের সাধারণ মানুষকে সনাতন নগদ লেনদেন পরিহার করে নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ‘বাংলা কিউআর’ কোডের মাধ্যমে লেনদেন করার উদাত্ত আহ্বান জানান।

উদ্বুদ্ধকরণ ও সচেতনতামূলক এই বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এবং ডাচ-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট খাত সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন