পঞ্চগড়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মোঃ মামুন রহমান (উপজেলা প্রতিনিধি, আটোয়ারী, পঞ্চগড়): শিক্ষার্থীদের মেধা বিকাশ, সুপ্ত প্রতিভার অন্বেষণ এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে পঞ্চগড়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টায় জেলার ছয়টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষার কেন্দ্রগুলো হলো—আটোয়ারী মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ, পঞ্চগড় এম. আর. কলেজ, তেঁতুলিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, ভজনপুর কলেজ, ময়দানদিঘী উচ্চ বিদ্যালয় এবং দেবীগঞ্জ সরকারি কলেজ। এর মধ্যে শুধু পঞ্চগড় এম. আর. কলেজ কেন্দ্রেই ১ হাজার ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের পঞ্চগড় জেলা চেয়ারম্যান রাশেদ ইসলাম। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি জ্ঞানচর্চা এবং সৃজনশীলতার আগ্রহ তৈরিতে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে উল্লেখ করে তিনি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে তাদের সমৃদ্ধ করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।
এআইএল/সকালবেলা