আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
আন্তর্জাতিক ডেস্ক ঃ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নজিরবিহীন ভরাডুবির পর একের পর এক রাজনৈতিক ধাক্কা সামলাতে হচ্ছে দলটির সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে দলের এই চরম অস্তিত্ব সংকটের মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় এবং স্বভাবসুলভ আক্রমণাত্মক রয়েছেন তিনি। দলের ভেতর ৮০ জন বিধায়ক একজোট হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আলাদা উপদল গঠন এবং লোকসভা এমপিরা তৃতীয় আরেকটি শক্তিশালী ব্লক তৈরি করার পর, এবার রাজনৈতিক প্রতিপক্ষ ও বিদ্রোহীদের সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মমতা। দলের ভাঙন আর ‘আসল তৃণমূল কংগ্রেস কে’—তা নিয়ে তীব্র টানাটানির মাঝেই তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “আমাকে থামাতে হলে মেরে ফেলতে হবে।”
শনিবার (৪ জুলাই) এক বক্তব্যে তৃণমূল কংগ্রেসের এই বিদ্রোহী নেতাদের সরাসরি ‘‘বিশ্বাসঘাতক’’ বলে আখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নিজের চেনা লড়াকু ভঙ্গিতেই তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের নিবন্ধিত তৃণমূলের মূল দলীয় প্রতীক (‘জোড়া ফুল’) তাঁর ও তাঁর অনুগত শিবিরের কাছেই থাকবে। এই কড়া মন্তব্যের মাধ্যমে মমতা তাঁর দলের বিদ্রোহীদের আগামীতে এক দীর্ঘ আইনি ও প্রশাসনিক লড়াইয়ের মুখোমুখি করার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। তিনি হুংকার দিয়ে বলেন, ‘‘দলের মূল প্রতীক কোথাও যাচ্ছে না। আপনারা যদি মাঠ থেকে আমাকে থামাতে চান, তাহলে আমাকে মেরে ফেলতে হবে, এছাড়া কোনো পথ নেই।’’
মমতার এই অনমনীয় বক্তব্যের দিনই শনিবার তৃণমূল কংগ্রেস শিবিরে লেগেছে আরেকটি বড় ধাক্কা। এ দিন তাঁর প্রতি এখনও অন্ধ আনুগত্য বজায় রাখা দলের হাতেগোনা কয়েকজন শীর্ষ নেতার অন্যতম এবং তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য পদত্যাগ করেছেন। পদত্যাগের পরপরই এই প্রভাবশালী নারী বিধায়ক শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী উপদলে যোগ দেন।
বর্তমানে দলটির অভ্যন্তরে গৃহযুদ্ধ এতটাই চরম আকার ধারণ করেছে যে, বর্তমান বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সমর্থক বিদ্রোহীরা গতকাল শুক্রবার কলকাতার মূল ‘তৃণমূল ভবন’ এর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ও দখল নিজেদের হাতে নিয়েছেন। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর রাজনৈতিক জীবনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কঠিন ও নজিরবিহীন সাংগঠনিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আছেন।
|