সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে কারাগারে

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৪ অপরাহ্ণ
সুন্দরবনে মাছ শিকার, ৫ জেলে কারাগারে

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৫ জেলেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ শনিবার (৪ জুলাই) দুপুরে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাঁদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আজ সকাল ৯টার দিকে সুন্দরবনের অভ্যন্তরীণ নদী থেকে তাঁদের হাতেনাতে আটক করে বন বিভাগ।

আটক জেলেরা হলেন—সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নাপিতখালী গ্রামের সাদ্দাম (৩২), ফরহাদ (২১), আসাদুল (১৯), আমিরুল (২৭) ও আরাফাত (২৪)।

কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা শেখ মো. আনিচুর রহমান জানান, আজ সকাল ৯টার দিকে সুন্দরবনের আড়পাঙ্গাশিয়া নদীর টেকের খাল এলাকায় বন বিভাগের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের সময় ওই ৫ জেলেকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট ও ঘাই জাল, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম এবং ১টি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এজেডএম হাছানুর রহমান বলেন, “সুন্দরবনের মৎস্য ও বন্যপ্রাণীর প্রজনন নির্বিঘ্ন করতে বর্তমানে ৩ মাস সব ধরনের মাছ শিকার ও বনজ সম্পদ আহরণে সরকারি নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে বনের ভেতরে অনুপ্রবেশ ও মাছ শিকার করায় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ৩ মাসের এই সরকারি নিষেধাজ্ঞা সফল করতে এবং বনের ভেতর যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সুন্দরবন সীমান্তে বন বিভাগের পক্ষ থেকে কঠোর নজরদারি ও স্মার্ট পেট্রোলিং ব্যবস্থা আরও জোরদার করা হবে। আদালতের নির্দেশের পর বিকেল নাগাদ আটক ৫ জেলেকে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে বন বিভাগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন