ধাপে ধাপে কমবে জ্বালানির দাম: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস: বৈশ্বিক বাজার পরিস্থিতি অনুকূলে এলে দেশের বাজারে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে মূল্য কমার সঙ্গে সঙ্গে সরকারও দেশীয় বাজারে জ্বালানির দাম সমন্বয় করছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেকটাই কমে আসবে।"
আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে যশোর সার্কিট হাউসে জেলার পল্লী বিদ্যুৎ সমিতি ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "দেশের এলপিজি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হয় এবং এই খাতটি পুরোপুরি বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম আকস্মিক বেড়ে যাওয়ায় এর সরাসরি প্রভাব দেশের বাজারেও পড়েছে। এতে সাধারণ মানুষ, বিশেষ করে গৃহস্থালি পর্যায়ের ভোক্তাদের অতিরিক্ত ব্যয়ভার বহন করতে হচ্ছে।"
তিনি আরও যোগ করেন, "বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকার মূল্য সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এলপিজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে, যা সাধারণ মানুষের সংসার পরিচালনায় কিছুটা স্বস্তি ফেরাবে। ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারে সুযোগ তৈরি হলে ধাপে ধাপে জ্বালানির দাম আরও কমানো হবে।"
ভোক্তাদের দীর্ঘদিনের ভোগান্তি ভুতুড়ে বিদ্যুৎ বিল ও লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলমান তীব্র গরমে সাধারণ মানুষের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ দিনরাত কাজ করছে। কোথাও বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ উঠলে তা দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি বিদ্যুৎ অফিসে বিশেষ সেল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব অভিযোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত সমাধানের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণকে মানসম্মত ও ঝামেলামুক্ত সেবা নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল এবং আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এআইএল/সকালবেলা
|