ইরানি স্পিকারের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের সাক্ষাৎ
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির (পার্লামেন্ট) স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) ইরানের রাজধানী তেহরানে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
স্পিকার গালিবাফ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আসা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ও বাংলাদেশ প্রতিনিধি দলকে আন্তরিক অভ্যর্থনা জানান।
বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানান এবং গভীর শোক প্রকাশ করেন। তিনি এই কঠিন ও জাতীয় শোকের সময়ে ইরান সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সংহতি প্রকাশ করেন। সেইসঙ্গে তিনি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন ঐতিহাসিক বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক মেলবন্ধন এবং পারস্পরিক সুদৃঢ় সম্পর্কের কথা স্মরণ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের ক্ষেত্রে স্পিকার গালিবাফের গঠনমূলক ও কূটনৈতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানের জনগণসহ সমগ্র মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে। চলমান এই আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সব অমীমাংসিত ইস্যুর টেকসই সমাধান সম্ভব।
বৈঠক শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফকে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গতকালই তেহরানে পৌঁছান স্পিকার। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিধি দলকে স্বাগত জানান ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজী বাবাই।
এআইএল/সকালবেলা
|