নবীনগরে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ আটক ৩

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:০০ অপরাহ্ণ
নবীনগরে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ আটক ৩

সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের একটি আবাসিক বাসায় ঝটিকা অভিযান চালিয়ে মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। 

গত বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে পৌর সদরের আদালত রোডের কালিবাড়ি সংলগ্ন একটি বহুতল ভবনে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার একটি বিশেষ টিম গভীর রাতে নবীনগর বাজারের ‘বই বিচিত্রা’ লাইব্রেরির মালিক উদয় শংকরের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই বাসা থেকে উদয় শংকরের ছেলে চন্দন শংকরসহ মোট তিনজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন নারী রয়েছেন।

নবীনগর থানা পুলিশ জানায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল যে— ওই বাসাটিতে নিয়মিত গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মারাত্মক মাদক সেবনের আসর বসত। মাদকের পাশাপাশি সেখানে দীর্ঘদিন ধরে বহিরাগতদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ডও চলে আসছিল। এমন সুনির্দিষ্ট ও তথ্যপ্রমাণসহ অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই অভিযান চালায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল ইসলাম চৌধুরী বলেন, "মাদক সেবন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে আমরা তিনজনকে হাতেনাতে আটক করেছি। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সমাজ থেকে অপরাধ ও মাদক দমনে পুলিশের এমন কঠোর অভিযান সর্বদা অব্যাহত থাকবে।"

এদিকে নবীনগর পৌর এলাকায় সাম্প্রতিক সময়ে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শান্ত ও আবাসিক এলাকায় এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ফলে স্কুল-কলেজপড়ুয়া তরুণ সমাজ পথভ্রষ্ট হচ্ছে এবং সামাজিক পরিবেশ বিনষ্ট হচ্ছে।

এলাকাবাসীর দাবি, শুধু একটি অভিযানই যথেষ্ট নয়, বরং সমাজকে কলঙ্কমুক্ত করতে পুলিশের এমন কঠোর ও নিয়মিত অভিযান যেন সর্বদা জারি থাকে। পাশাপাশি এই সিন্ডিকেটের পেছনে আর কারা জড়িত, তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন