লেবাননে ৪ ইসরাইলি সেনা গুরুতর আহত

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ণ
লেবাননে ৪ ইসরাইলি সেনা গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ লেবাননের বিনত জেবাইল এলাকায় সামরিক আগ্রাসন ও অনুপ্রবেশের সময় স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিন ইসরাইলি সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। 

আজ শুক্রবার (৩ জুলাই) লেবাননভিত্তিক সংবাদমাধ্যম ‘আল মায়াদিন’ ইসরাইলি সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলি আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনীর ৬৭৯তম ব্রিগেডের (ইফতাহ) একটি বিশেষ ইউনিট বিনত জেবাইল শহরের একটি ভবনে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় সেখানে অবস্থানরত বন্দুকধারীর সঙ্গে তাদের তীব্র গুলাগুলি শুরু হয়। এতে একজন অফিসার পদমর্যাদার সেনাসহ মোট তিন ইসরাইলি সেনা আহত হন, যার মধ্যে একজনের অবস্থা সংকটাপন্ন।

এই ঘটনার পরপরই ইসরাইলি বিমান বাহিনী ওই ভবনটি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় এবং পরবর্তীতে পদাতিক বাহিনী সেখানে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে। তবে হামলাকারী যোদ্ধার অবস্থান বা কোনো হদিস এখনো শনাক্ত করতে পারেনি ইসরাইলি বাহিনী।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কাঠামো ও আঞ্চলিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননের বেশ কিছু সীমান্ত এলাকায় অবৈধভাবে সামরিক অভিযান ও অনুপ্রবেশ অব্যাহত রেখেছে ইসরাইলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

লেবানন সীমান্তে গত কয়েক দিনে ইসরাইলি বাহিনীর ওপর হামলার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে। গত সোমবার আইতা আল-শাব এলাকায় ইসরাইলি কমান্ডো ব্রিগেডের উপ-কমান্ডারের একটি ফিল্ড কমান্ড পোস্ট লক্ষ্য করে চালানো শক্তিশালী বিস্ফোরক হামলায় দুই রিজার্ভ সেনা আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

এর ঠিক আগের দিন দেইর সেরিয়ানে ভোরের আলো ফোটার আগে সংঘর্ষের সময় এক হিজবুল্লাহ যোদ্ধার স্নাইপার হামলায় ইসরাইলের গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের এক ক্যাপ্টেন নিহত এবং অপর এক সেনা গুরুতর আহত হন।

ইসরাইলের প্রভাবশালী গণমাধ্যম ‘চ্যানেল ১২’-এর প্রকাশিত একটি গোপন পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের ১৭ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত লেবানন সীমান্তে ইসরাইলি বাহিনী অন্তত ৬৩৭টি সামরিক অভিযান ও বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে ৪৪০টি হামলা চালানো হয়েছে লেবাননের তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর ভেতরে এবং ১৮৭টি আক্রমণ হয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে।

সূত্র: রয়টার্স

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন