খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
খামেনির রাষ্ট্রীয় জানাজা চলাকালে ট্রাম্পের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী রাষ্ট্রীয় জানাজা ও অন্ত্যেষ্টিক্রিয়া কর্মসূচি শুরু হয়েছে। এই রাষ্ট্রীয় শোক চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভাষণে ইরানকে লক্ষ্য করে তীব্র কটাক্ষ করেছেন। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘ভয়াবহভাবে আঘাত করেছে’ এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য দেশটিকে ‘এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে’।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী (সেমিকুইনসেন্টেনিয়াল) উপলক্ষে মাউন্ট রাশমোরের কাছে দেওয়া এক বিশেষ ভাষণে ট্রাম্প বলেন, "আমরা একদিনেই ভেনেজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে ভয়াবহভাবে আঘাত করেছি। তারা এখন আমাদের সাথে সমঝোতার জন্য মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদের সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।"

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। ওই হামলার মধ্য দিয়েই মূলত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের সূচনা হয়। ইসলামি শরিয়াহ অনুযায়ী সাধারণত মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই দাফন সম্পন্ন করার বিধান থাকলেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া দীর্ঘ চার মাস বিলম্বিত হয়।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হলেও মধ্যপ্রাচ্যে দুই পক্ষের মধ্যে কয়েক দফা রক্তক্ষয়ী গোলাগুলির ঘটনা ঘটে। এতে করে চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি নাজুক অবস্থায় পৌঁছালেও সাম্প্রতিক দিনগুলোতে সংঘর্ষের মাত্রা কিছুটা কমে এসেছে।

ইরান সরকার আজ ৪ জুলাই থেকে খামেনির রাষ্ট্রীয় জানাজা কর্মসূচি শুরু করেছে। ছয় দিনের এই বিস্তারিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ জুলাই পবিত্র কোম শহরে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ৯ জুলাই তাঁর জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফনের মাধ্যমে এই অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

জানাজা উপলক্ষে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরের প্রধান সড়কগুলোতে খামেনির ছবি সংবলিত পোস্টার ও বিলবোর্ড টানানো হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত জানাজায় অংশ নেওয়া কিছু শোককারীকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পবিরোধী স্লোগানসংবলিত ব্যানার বহন করতে দেখা গেছে।

ভারতে নিযুক্ত ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ হাকিম এলাহির বরাত দিয়ে জানানো হয়েছে, চরম নিরাপত্তাজনিত কারণে আলি খামেনির ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তাঁর বাবার এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রকাশ্যে অংশ নেবেন না। তিনি উল্লেখ করেন, ইসরাইলের ক্রমাগত হুমকি ও গোয়েন্দা নজরদারির ঝুঁকির কারণে মোজতবার এই মুহূর্তে জনসমক্ষে উপস্থিতি অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

এদিকে, তেহরানের শেষকৃত্য অনুষ্ঠানে আলি খামেনির কফিনের পাশেই রাখা হয়েছে তাঁর মাত্র ১৪ মাস বয়সি নাতনির ছোট একটি কফিন। মূলত চার মাস আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় খামেনির সাথে সেও নিহত হয়েছিল। একই সঙ্গে ওই হামলায় নিহত খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যের মরদেহও তাঁর কফিনের পাশে সম্মানার্থে রাখা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন