তীব্র গরমে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
তীব্র গরমে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র ও নজিরবিহীন দাবদাহের কারণে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস (সেমিকুইনসেন্টেনিয়াল) উদযাপন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। প্রচণ্ড গরমের কারণে নিউ জার্সি, পেনসিলভানিয়া, মেরিল্যান্ড থেকে শুরু করে কলোরাডো পর্যন্ত দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে পূর্বনির্ধারিত বহু উৎসব ও আয়োজন বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

বাতিল হওয়া বড় আয়োজনগুলোর মধ্যে অন্যতম ছিল ফিলাডেলফিয়ার ‘স্যালুট টু ইনডিপেন্ডেন্স সেমিকুইনসেন্টেনিয়াল প্যারেড’। এটি দেশজুড়ে এবারের অন্যতম প্রধান আকর্ষণ হওয়ার কথা ছিল। প্যারেডের আয়োজক সংস্থা ‘ওয়াওয়া ওয়েলকাম আমেরিকা’-এর প্রধান নির্বাহী মাইকেল ডেলবেনে জানান, এমন একটি ঐতিহাসিক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত অত্যন্ত কষ্টের, কিন্তু বিপজ্জনক গরমের মধ্যে লাখো মানুষের জীবন ঝুঁকিতে ফেলা সম্ভব ছিল না।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, দেশের পূর্ব উপকূল ও মধ্য-পশ্চিমাঞ্চলে ১৬ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ রেকর্ড ভাঙা তাপমাত্রার মধ্যে দিন কাটাচ্ছেন। এই চরম আবহাওয়ার মধ্যেই দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটনে বিশেষ উদযাপনের প্রস্তুতি চলছে এবং বিভিন্ন মাঠে ফিফা বিশ্বকাপের একাধিক ম্যাচও অনুষ্ঠিত হচ্ছে।

সাধারণত মার্কিন নাগরিকেরা এই ছুটির দিনে বাড়ির আঙিনায় বারবিকিউ, শোভাযাত্রা ও রাতের আতশবাজির মাধ্যমে আনন্দ মেতে ওঠেন। কিন্তু এবার চিত্র সম্পূর্ণ উল্টো। তীব্র গরমে রাজধানী ওয়াশিংটন ডিসির ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’ দর্শনার্থীদের সুরক্ষায় সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে স্থানীয় সময় বিকেল ৫টায় মেলাটি আবার খোলা হয়।

ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, রেকর্ড তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার কারণে মেলা প্রাঙ্গণে বেশ কয়েকজন তাপজনিত অসুস্থতায় (হিট স্ট্রোক ও ডিহাইড্রেশন) পড়েছেন। অন্তত ১১ জনকে অ্যাম্বুলেন্সে করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়েছে। ক্যাপিটল পুলিশও খোলা আকাশের নিচের ‘আ ক্যাপিটল ফোর্থ’ কনসার্টে জনসাধারণের প্রবেশের সময় বিকেল ৩টার পরিবর্তে পিছিয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করে।

এদিকে প্রবল গরমের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ জুলাইয়ের উদযাপনে খোলা আকাশের নিচে দাঁড়িয়েই ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, "অনুষ্ঠানটি বাইরে হোক—এটাই আমি চেয়েছিলাম। আমি যে সব পরিস্থিতি মোকাবেলা করতে পারি, তা প্রমাণ করার জন্য বেশ দীর্ঘ একটি ভাষণ দেব।"

আবহাওয়াবিদদের মতে, ফিলাডেলফিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং ওয়াশিংটন ডিসিতে ১০৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠেছে। তবে উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা (হিট ইনডেক্স) যথাক্রমে ১১২ ডিগ্রি এবং ১১১ ডিগ্রি ফারেনহাইট স্পর্শ করেছে, যা শহরগুলোর সর্বকালের রেকর্ডের কাছাকাছি। এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করে, যা ২০১২ সালের পর শহরটির সবচেয়ে উষ্ণ দিন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি একে ‘অত্যন্ত বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতি’ বলে উল্লেখ করেছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের পর উত্তরাঞ্চলের সমভূমি, মিডওয়েস্ট এবং গ্রেট লেকস অঞ্চলে বিধ্বংসী বজ্রঝড় আঘাত হানতে পারে। এই ঝড়ের মাধ্যমে তাপপ্রবাহের সমাপ্তি ঘটলেও বড় আকারের শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা এবং টর্নেডো হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহে এই তাপপ্রবাহ যুক্তরাষ্ট্র ও কানাডার পশ্চিমাঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে।

বিশেষজ্ঞদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই বিশ্বজুড়ে তাপপ্রবাহ এখন আগের তুলনায় আরও ঘন ঘন, তীব্র এবং দীর্ঘস্থায়ী হচ্ছে।

সূত্র: এনডিটিভি

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন