গোপালগঞ্জে আওয়ামী লীগের ২ নেতার পদত্যাগ
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দলীয় পদ ও সাধারণ সদস্যপদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্থানীয় দুই শীর্ষ নেতা।
আজ শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই সিদ্ধান্ত জানান।
দল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া দুই নেতা হলেন—মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা এবং একই কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুৎফর রহমান মোল্যা বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাংগঠনিক দায়িত্ব পালন করে এসেছেন। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান বাস্তবতার নিরিখে আজ শুক্রবার থেকে তাঁরা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের পদ থেকে একযোগে পদত্যাগ করছেন।
তিনি দৃঢ় কণ্ঠে আরও বলেন, "আজকের এই আনুষ্ঠানিক ঘোষণার পর থেকে আওয়ামী লীগের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম কিংবা কোনো ধরনের সিদ্ধান্তের সাথে আমাদের আর কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সম্পর্ক থাকবে না।"
উক্ত সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|