ব্যারিস্টার ফুয়াদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: নাছির
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে আমার পার্টির (এবি পার্টি) যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সাম্প্রতিক বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ এবং ‘ইতিহাসের বিকৃতি’ বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। একই সঙ্গে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ছাত্রদল সাধারণ সম্পাদক এই দাবি জানান।
ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ব্যারিস্টার ফুয়াদের এত আক্রোশের কারণ কী? কারণ একটাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের যে যে বাঁকে বাংলাদেশের পক্ষে অবদান রেখেছে, ঠিক সেই সেই বাঁকে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল ফুয়াদ সাহেবের পেয়ারের সংগঠন জামায়াতে ইসলামী।”
তিনি আরও উল্লেখ করেন, “১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন—সব ঐতিহাসিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ইতিহাসের সঠিক প্রান্তে। পক্ষান্তরে ফুয়াদ সাহেবের প্রিয় জামায়াতে ইসলামী ছিল দেশ ও জনগণের বিরুদ্ধে, ইতিহাসের ভুল প্রান্তে। এই ভুলের গ্লানি ও ক্ষোভ ফুয়াদ সাহেবরা মননে লালন করেন।”
ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যের কড়া সমালোচনা করে ছাত্রদলের এই শীর্ষ নেতা বলেন, “ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্য শুধু ঔদ্ধত্যপূর্ণই নয়, পাশাপাশি ইতিহাসের চরম ভুল ব্যাখ্যা। এই হীন বক্তব্যের মাধ্যমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ও ঐতিহ্যবাহী ইতিহাসকে কলঙ্কিত করার অপচেষ্টা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে এমন অবমাননাকর ও অসত্য বক্তব্যের জন্য তাঁকে অবশ্যই জাতি ও ঢাবি পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অতি দ্রুত এই বক্তব্য প্রত্যাহার করে নিতে হবে।”
এআইএল/সকালবেলা
|