গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের খাদেম নিহত

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ণ
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় মসজিদের খাদেম নিহত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে পৌরসভার একটি দ্রুতগামী ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় মাসুদুর রহমান (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। 

আজ শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদুর রহমান শহরের ৯ নম্বর ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। তিনি নারায়ণপুর মডেল মসজিদের খাদেম হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি শহরের একটি স্থানীয় ওষুধের দোকানে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে মাসুদুর রহমান মোটরসাইকেলে চড়ে তাঁর কর্মস্থল নারায়ণপুর মডেল মসজিদে যাচ্ছিলেন। পথে শহরের পশ্চিমপাড়া এলাকার একটি সংযোগ সড়ক থেকে মূল গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা পৌরসভার একটি ময়লাবাহী ডাম্প ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হলে সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। চালক ও ঘাতক ট্রাকটিকে জব্দের চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন