গজারিয়ায় কুখ্যাত চাঁদাবাজ ইব্রাহিম গ্রেপ্তার
মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও নৌ-চাঁদাবাজ ইব্রাহিমকে (৩৮) গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।
আজ শুক্রবার (৩ জুলাই) ভোর পাঁচটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ইব্রাহিম গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ভোর সকালে আড়ালিয়া গ্রামে ইব্রাহিমের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আড়ালিয়া নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের ঠিকাদার ও কতৃপক্ষের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগে গজারিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করা হয়েছিল। গ্রেপ্তারকৃত ইব্রাহিম ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।
গ্রামবাসী ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, ইব্রাহিম দীর্ঘদিন ধরে আড়ালিয়া নদী ও আশপাশের নৌপথে বেপরোয়াভাবে চাঁদাবাজি করে আসছিল। একই সাথে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে গজারিয়া থানা, মেঘনা থানা এবং নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) সাব্বির হোসেন বলেন, "নির্মাণাধীন ব্রিজের কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করার সুনির্দিষ্ট মামলায় এজাহারনামীয় আসামি হওয়ায় ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে মুন্সিগঞ্জ জেলহাজতে পাঠানো হবে। এলাকাকে অপরাধ ও চাঁদাবাজমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"
এআইএল/সকালবেলা
|