মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চাচি-ভাতিজি নিহত

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ণ
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চাচি-ভাতিজি নিহত

নাজমুল হাসান, মাদারীপুর প্রতিনিধি: বিয়ের অনাবিল আনন্দ নিমেষেই রূপ নিলো চির বিষাদে। নতুন পোশাকে সেজে স্বজনের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ঝরে গেল দুটি তাজা প্রাণ। মাদারীপুরের শিবচর উপজেলায় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান ও যাত্রীবাহী অটোভ্যানের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে চাচি ও তাঁর ৯ বছর বয়সী ভাতিজি নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার দ্বিতীয়খণ্ড ঝিনাইরগেট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— রিমি আক্তার এবং তাঁর ৯ বছর বয়সী ভাতিজি আয়সা আক্তার।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রিমি ও অবুঝ শিশু আয়সাকে নিয়ে অটোভ্যানটি ঝিনাইরগেট সংলগ্ন এলাকা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যানের সঙ্গে অটোভ্যানটির মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, অটোভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই চাচি ও ভাতিজির মৃত্যু হয়।

দুর্ঘটনায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক রক্তাক্ত জখম হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় দুটি যানবাহনই অত্যন্ত অসচেতনভাবে দ্রুত গতিতে চলছিল। চালকদের এই গতির প্রতিযোগিতাই দুটি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ করে দিল।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অটোভ্যানচালককে উদ্ধার করে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করেন। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, "দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে এবং ঘাতক কাভার্ডভ্যানটিকে ল্যান্ড করা অবস্থায় জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে। এই বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।"

এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। উৎসবের বিয়ের বাড়িটি এখন স্বজনদের বুকফাটা আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন