দায়ের কোপে বড় ভাইকে খুন
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় পৈতৃক বসতভিটার গাছ কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের ধারালো দায়ের কোপে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার খুটাখালীর দক্ষিণপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম ওই এলাকার মৃত আলী হোছেনের ছেলে। তিনি পৈতৃক পরিবার থেকে আলাদা হয়ে একই ইউনিয়নের হরিখোলা এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। অভিযুক্ত ঘাতক আব্দুর রহিম (৪২) নিহতের আপন ছোট ভাই।
স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন জানান, শুক্রবার সকালে ছোট ভাই আব্দুর রহিম তাঁদের পৈতৃক ভিটার গাছপালা কেটে গোপনে বিক্রির চেষ্টা করছিলেন। বিষয়টি জানতে পেরে পরিবারের অন্য সদস্যরা দূরবর্তী হরিখোলায় থাকা বড় ভাই নুরুল ইসলামকে খবর দেন। খবর পেয়ে নুরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে গাছ কাটতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে চরম ক্ষুব্ধ হয়ে আব্দুর রহিম তাঁর হাতে থাকা ধারালো দা দিয়ে বড় ভাইয়ের পা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
গুরুতর রক্তাক্ত জখম হয়ে নুরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের নারী সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুর রহিম এলাকা ছেড়ে পালিয়ে যান।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক আব্দুর রহিম পলাতক থাকায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে ঘাতককে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
এআইএল/সকালবেলা
|