ধানক্ষেত থেকে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ণ
ধানক্ষেত থেকে দুই কোটি টাকার স্বর্ণ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কৃষকের ছদ্মবেশে ভারতে পাচারকালে ১০১ ভরি ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।

আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ‘ক্যাফে-২০’ কনফারেন্স কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী। তিনি জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকার একটি মাঠের ধানক্ষেত থেকে স্বর্ণের এই বড় চালানটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথ দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হচ্ছে—এমন একটি গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহল দল সালুয়া বিল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন ধানক্ষেতে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা মামুনুর রশীদ (৩৫) নামের এক যুবককে থামার সংকেত দেয় বিজিবি। তবে তিনি বিজিবি সদস্যদের দেখে না দাঁড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাঁকে আটক করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, ধানক্ষেতের কাদার নিচে স্বর্ণের চালানটি লুকিয়ে রাখা হয়েছে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে কাদা ও মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি খাঁটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মামুনুর রশীদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত মূলবান স্বর্ণের বারগুলো জয়পুরহাট ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান বিরোধী আইনে মামলা দায়েরের পর পাঁচবিবি থানায় সোপর্দ করার আইনি কার্যক্রম চলমান রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন