তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে: জুলাই যোদ্ধা শাহিন

প্রকাশ: শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ণ
তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে: জুলাই যোদ্ধা শাহিন

স্টাফ রিপোর্টার: "দেশের মানুষকে যদি সত্যিই ভালোবাসেন, তবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অন্তত ১০টি বছর সময় দিতে হবে। এ নিয়ে কোনো কথা চলবে না।"

আজ শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত ও শহীদ পরিবারের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এই মন্তব্য করেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধা মোহাম্মদ শাহিন মালু।

মোহাম্মদ শাহিন মালু দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর জোর দিয়ে বলেন, “আমরা আজকে জীবিকার তাগিদে বিদেশের মাটিতে হাড়ভাঙা খাটুনি খাটতে যাই। ১০টা বছর তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার সময় দেন; পরিস্থিতি এমন হবে যে বিদেশ থেকে মানুষ এসে আমাদের দেশে কাজ খুঁজবে।”

বক্তব্যের একপর্যায়ে তিনি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, জুলাই-আগস্ট আন্দোলনে বিএনপিপন্থী আহত ও নিহতদের প্রতি ওই সরকার এক ধরনের ভিন্ন ও বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পোষণ করত।

নিজের হাঁটার ক্রাচ উঁচিয়ে ধরে আবেগঘন কণ্ঠে শাহিন মালু বলেন, “দলকে ভালোবাসতে গিয়ে আমি আমার জীবনের সব হারিয়েছি। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের জুলুম-নির্যাতন সহ্য করে কষ্ট করেছি। আমরা তবুও দলের দিকেই তাকিয়ে আছি। আমাদের কপালে ভালো কিছু জোটেনি, কিন্তু হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমরা আজ কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। অথচ আমরা আন্দোলনের এত বছর পরও এই ক্রাচের ওপর ভর করেই দাঁড়িয়ে আছি।”

তিনি আরও বলেন, “দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে গিয়ে জিয়া পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দেশের মাটি ও মানুষকে ভালো রাখতে গিয়ে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর স্বদেশে ফিরতে পারেননি। আমি স্পষ্ট একটি কথাই বলব— এই দেশের প্রকৃত কল্যাণ চাইলে সবাইকে তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।”

ঐতিহাসিক এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন