দীঘিনালায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ: বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ
দীঘিনালায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালার মেরুং এলাকায় কয়েকজন যুবকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে তা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় সচেতন যুব সমাজ। 

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৮টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করতে এলাকার কয়েকজন যুবক সহযোগিতা করেন। কিন্তু পরে ওই অভিযুক্ত ব্যক্তি উল্টো উদ্ধারকারী যুবকদের বিরুদ্ধেই মামলা দায়ের করেন। এর ফলে অপরাধ প্রতিরোধে সাধারণ মানুষ এগিয়ে আসতে নিরুৎসাহিত হবে। নিরপেক্ষ তদন্ত করলে নির্দোষ যুবকদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যাবে না বলে তাঁরা দাবি করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, মেরুং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, যৌন অপরাধ ও মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের মতো অসামাজিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সংবাদ সম্মেলন থেকে কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি, যুবকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করার দাবি জানানো হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন