ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদক: প্রশিক্ষণের পাশাপাশি ধাপে ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা জানান।
শিক্ষার উন্নয়ন ও মানবসম্পদ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বিগত আওয়ামী সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে শুধু ভবন নির্মাণ বা অবকাঠামোগত কাজ হয়েছে, কিন্তু মানবসম্পদের (হিউম্যান রিসোর্স) কোনো প্রকৃত উন্নয়ন হয়নি।” তিনি জানান, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে জোর দিচ্ছে এবং এরই অংশ হিসেবে সারা দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ দেওয়া হবে।
কৃষিখাতের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশে বন্ধ হয়ে যাওয়া কৃষিভিত্তিক কলকারখানাগুলোকে পুনরায় সচল করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সনাতনী পদ্ধতির পরিবর্তে দেশের কৃষিতে আধুনিক ও উন্নত প্রযুক্তি যুক্ত করতে কাজ করছে সরকার।
পুঁজিবাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “বিগত সরকারের আমলে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত ছিল, তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করার পরিকল্পনা নিয়েছে সরকার।” বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের কারণে পুঁজিবাজার ইতিবাচক ধারায় এবং ভালো অবস্থায় ফিরছে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা
|