কবিরহাটে গাঁজাসহ চা দোকানি গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ণ
কবিরহাটে গাঁজাসহ চা দোকানি গ্রেপ্তার

কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় চা দোকানের আড়ালে গাঁজা বিক্রির অভিযোগে মো. মহিন উদ্দিন (৩২) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (৬ জুলাই) রাতে উপজেলার নলুয়া রেহান আলী চৌধুরী হাট বাজারে তাঁর দোকানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মহিন নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের গোপীবল্লভপুর গ্রামের মো. মোস্তফার ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মহিন উদ্দিন দীর্ঘ দিন ধরে বাজারে চা বিক্রির আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রেহান আলী চৌধুরীহাটে তাঁর চা দোকানে আকস্মিক অভিযান চালানো হয়। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে একটি বাজারের ব্যাগ থেকে কাগজে মোড়ানো ৮০টি গাঁজার রোল উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৮০০ গ্রাম। মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও এ সময় জব্দ করা হয়।

অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহিনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিস্তার রোধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন