শাওন হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ণ
শাওন হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রংপুরে হোটেল শ্রমিক শাওনকে (২৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার প্রতিবাদ, মূল অভিযুক্ত মনুর সর্বোচ্চ শাস্তি এবং শ্রম আইন বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হোটেল শ্রমিকরা। 

সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের হোটেল শ্রমিকরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মো. আক্তারুজ্জামান, দিনাজপুর জেলা হোটেল শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রাণীশংকৈল মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শামসুল আলম, শ্রমিক নেতা হযরত আলী ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, অতিরিক্ত সময় কাজ করতে অস্বীকৃতি জানানো এবং পানের পিক ফেলা নিয়ে তুচ্ছ ঘটনার জেরে রংপুরের একটি হোটেলে শ্রমিক শাওনকে হাতুড়ি দিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল হোতা মনুর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি নিশ্চিত করতে হবে।

শ্রমিক নেতারা কর্মস্থলে নিরাপদ পরিবেশ ও আইনগত অধিকার নিশ্চিতের দাবি জানিয়ে বলেন, হোটেল শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি গেজেট বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং বিদ্যমান শ্রম আইন কঠোরভাবে কার্যকর করতে হবে। অন্যথায় শ্রমিকদের অধিকার আদায় ও এসব দাবিতে আগামী ৩১ আগস্ট শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার আলটিমেটাম দেন তাঁরা।

উল্লেখ্য, গত ১৬ জুন রাত ৯টার দিকে রংপুর নগরীর খামার মোড় এলাকার একটি হোটেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাওনের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নূরের চক গ্রামে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন