নাটোরে চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার, মালামাল উদ্ধার
নাটোর প্রতিনিধি: নাটোরে পৃথক দুটি চুরির ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি পালসার মোটরসাইকেল ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
পুলিশ জানায়, গত ৩০ জুন বিকেলে নাটোর সদর উপজেলার গাওপাড়া ঢালান এলাকার ‘সোহেল মোটরস’ শোরুম থেকে টেস্ট ড্রাইভের নামে এক ব্যক্তি একটি পালসার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় শোরুম কর্তৃপক্ষ থানায় মামলা করলে ডিবি পুলিশ তদন্তে নামে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আরিফুল ইসলাম (৩২) নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৫ জুলাই রাতে দিঘাপতিয়া ইউনিয়নের মদনহাট এলাকার একটি বাঁশঝাড় থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
এদিকে, গত ১৯ জুন সন্ধ্যায় গাওপাড়া ঢালান বাজার এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান চুরি হয়। ভুক্তভোগী আজ সোমবার মামলা দায়ের করার পর ডিবি পুলিশ দ্রুত অভিযানে নামে। গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর থেকে স্বাধীন প্রামানিক (২৭) ও হাসান আলী (২৬)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তিতে সিংড়া উপজেলার চামারী সোনাপুর থেকে হেলাল সরদার (৪৬) ও নাঈম ইসলাম (২৮)-কে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সিংড়ার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে চোরাই ভ্যানের ক্রেতা স্বপন বাবু (২৮)-কে অটোভ্যানসহ গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, "তথ্যপ্রযুক্তির ব্যবহার ও ধারাবাহিক তদন্তের ফলে খুব অল্প সময়ের মধ্যেই চোরচক্রকে আইনের আওতায় আনা এবং চোরাই মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই চক্রের সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।" চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ দমনে ডিবির বিশেষ নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এআইএল/সকালবেলা
|