নোয়াখালীতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ণ
নোয়াখালীতে দুই হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিয়মনীতি তোয়াক্কা না করে বেসরকারি হাসপাতাল পরিচালনার দায়ে দুটি ক্লিনিকের কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি মামলায় মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চৌমুহনী পৌরসভার কলেজ রোড এলাকায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে 'নাবিলা হসপিটাল'-এ পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্ট, প্রয়োজনীয় সংখ্যক নিবন্ধিত নার্স ও লেবার রুম (প্রসব কক্ষ) না থাকায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে 'হলি কেয়ার হাসপাতাল'-এ লেবার রুম ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এই হাসপাতাল সংলগ্ন ফার্মেসিতে অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ অ্যানেস্থেসিয়া ওষুধ সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন বলেন, “উভয় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। তিন মাস আগেও এই দুটি হাসপাতালে অভিযান চালিয়ে একই অপরাধে জরিমানা করা হয়েছিল। তখন তাঁদের ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হলেও তাঁরা তা করেননি। তাই এবার শনাক্ত হওয়া ত্রুটি সংশোধন এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত উভয় হাসপাতালের সব ধরনের চিকিৎসা কার্যক্রম ১৫ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

অভিযানকালে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাসান খায়ের চৌধুরী এবং বেগমগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে সহযোগিতা করে। জনস্বার্থে ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন