বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

সিলেট প্রতিনিধি: বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে সিলেট সার্কিট হাউসে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ তথ্য জানান।

আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ধারাবাহিক ও জোরালো কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই বড় অগ্রগতি এসেছে। এর পাশাপাশি পর্যায়ক্রমে আরও কয়েকটি দেশের শ্রমবাজারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি এবং বিদ্যমান বাজারগুলো সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। এরই প্রথম সফল ধাপ হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হলো। ভবিষ্যতে দক্ষ জনশক্তি রপ্তানি ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার আরও নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

এর আগে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি—বিশেষ করে সিলেটি প্রবাসীদের অবদান, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। এ ধরনের মতবিনিময় দুই দেশের পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন অংশীদারিত্বকে আরও গতিশীল করবে।”

সাক্ষাৎকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন