কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ১০ বাংলাদেশি

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ণ
কারাভোগ শেষে ভারত থেকে ফিরলেন ১০ বাংলাদেশি

তামাবিল (সিলেট) প্রতিনিধি: অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দীর্ঘ সময় কারাভোগের পর ১০ বাংলাদেশি নাগরিক বিশেষ প্রক্রিয়ায় দেশে ফিরেছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাঁদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং উভয় দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা ব্যক্তিরা বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ সীমান্ত এবং সিলেটের গুচ্ছগ্রাম সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। অনুপ্রবেশের পর বিএসএফ ও দেশটির পুলিশ তাঁদের আটক করে আদালতে সোপর্দ করলে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়। ভারতের তোবা কারাগারে দীর্ঘ সময় সাজাভোগের পর বাংলাদেশ সরকারের বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায়।

স্বদেশে ফিরে আসা বাংলাদেশিরা হলেন—রাজশাহীর বোরগাছি এলাকার বশির আহমেদ (২০), ডিয়ার মানিকচর এলাকার মো. আহসান হাবীব (১৯), চাঁপাইনবাবগঞ্জের গোটাপাড়া এলাকার বাদশাহ মিয়া (২৯), ফেলুপাড়া এলাকার মো. সাজ্জাদ (২১), মো. রুবেল মিয়া (৩৫), মো. আল মামুন (২৮), শেরপুরের ঘুগুরাকান্দি এলাকার মো. মনিরুল ইসলাম (২২), নেত্রকোনার বিজয়পুর এলাকার রেজাউল ইসলাম (২৮), বাওয়াইপাড়া গ্রামের জাহিদুল ইসলাম (২৪) এবং কাজিমুদ্দিন (২৪)।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (এসআই) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে যথাযথ আইনি আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা ১০ বাংলাদেশিকে গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তামাবিল থানা পুলিশের সহায়তায় তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিজ দেশে ফিরতে পেরে ওই বাংলাদেশিরা ও তাঁদের স্বজনেরা আনন্দ প্রকাশ করেছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন