সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ণ
সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: সময় মিডিয়া লিমিটেডের (সময় টিভি) বিজ্ঞাপন বিল বাবদ প্রায় সাড়ে ৫ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান মো. হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে আদালতে এই নালিশি মামলাটি দায়ের করেছিলেন।

মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন—সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) আয়েশা সিদ্দিকা। সংশ্লিষ্ট আদালতের ওমেদার অঙ্কন মন্ডল পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর এখতিয়ারবহির্ভূতভাবে ওই মাসের বিজ্ঞাপন বিল মওকুফের একটি নোটিশ জারি করেন। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা সময় টিভির আগস্ট মাসের বিজ্ঞাপন বিল বাবদ মোট ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা উত্তোলন করেন তাঁরা। কিন্তু সেই টাকা কোম্পানির মূল হিসাব বিভাগে জমা না দিয়ে আসামিরা তা আত্মসাৎ করেন।

পরবর্তীতে সময় টিভির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে অর্থ ও রসিদ বই ফেরত দেওয়ার নোটিশ পাঠানো হলেও আসামিরা কোনো জবাব দেননি। এ ঘটনায় প্রথমে থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। পরে বাদী আদালতের দ্বারস্থ হলে আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পূর্বে সমন জারি করেছিলেন।

আজ মামলার নির্ধারিত দিনে আসামিপক্ষ মামলাটি প্রত্যাহারের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করেন। এরপর নথি পর্যালোচনা করে আসামিরা উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে চূড়ান্তভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন বিচারক।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন