সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার চারা বিতরণ

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ণ
সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে ২৫ হাজার চারা বিতরণ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সরকারের বিশেষ উদ্যোগ ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৯ হাজার ৩২০ জন শিক্ষার্থীর মাঝে ২৫ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার (৬ জুলাই) স্থানীয় একটি ভেন্যুতে পর্যায়ক্রমে উপজেলার সকল এলাকার শিক্ষার্থীদের এই চারা বিতরণের কার্যক্রম শুরু হয়।

সোনারগাঁও উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী এই উদ্যোগের মাধ্যমে আমরা একটি সবুজ ও দূষণমুক্ত বাংলাদেশ গড়তে পারব। দেশের প্রতিটি শিক্ষার্থী যদি একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেটি যেন সঠিকভাবে বেড়ে ওঠে সে জন্য নিয়মিত যত্ন ও পরিচর্যা করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশগত বিপর্যয় থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ সুরক্ষাতেও সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে অতিথিরা অনুষ্ঠানস্থলে একটি করে গাছের চারা রোপণ করেন। এরপর শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা তুলে দেওয়া হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা তা নিজ নিজ বিদ্যালয় ও বাড়ির আঙিনায় রোপণ এবং পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন