সরাইলে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ণ
সরাইলে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. রাসেল নামে এক যাত্রীবেশী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ। 

আজ সোমবার (৬ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রাসেল নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার নাটেশ্বর গ্রামের আবুল খায়েরের ছেলে। বর্তমানে তিনি গাজীপুর জেলার কোনাবাড়ী থানার জরুন এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ মাদকের একটি চালান নিয়ে এক কারবারি যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ভোররাতে উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে পুলিশ।

এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী রাসেলের আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করে। পরে তার সাথে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ১০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

সরাইল থানা পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরের পর আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে থানা সূত্রে জানানো হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন