নোয়াখালীতে বোনকে হত্যার দায়ে ভাইয়ের মৃত্যুদণ্ড
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলায় আসমা আক্তার (৫) নামে এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার জেঠাতো ভাই শাহাদাত হোসেন (২৬) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার বিশেষ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শাহাদাত উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে এবং নিহত শিশুর আপন জেঠাতো ভাই।
মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু আসমা। ঘটনার দীর্ঘ নয় দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের জেঠাতো ভাই শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।
নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি সেলিম শাহী রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর তদন্ত চলাকালে শাহাদাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সে জানায়, চকোলেটের লোভ দেখিয়ে সে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে ঘটনা জানাজানি হওয়ার ভয়ে শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকিতে লুকিয়ে রাখে।
এ ঘটনায় ২০২২ সালের ৬ এপ্রিল নিহত শিশুর বাবা মাওলানা শাহজাহান বাদী হয়ে চাটখিল থানায় শাহাদাতকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি ও বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি শাহাদাত আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিল।
এআইএল/সকালবেলা
|