নাটোরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
নাটোরে তিন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

নাটোর প্রতিনিধি: নাটোরে তিনটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. মাসুদ রানাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গতকাল রোববার (৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাটোর সদর উপজেলার ভবানীগঞ্জ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মো. মাসুদ রানা নাটোরের সিংড়া উপজেলার বড়বাড়ি এলাকার মো. শামসুল হক চান্দুর ছেলে।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল গতকাল সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাসুদ রানাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা তিনটি পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল। আইনি সাজা ও গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই তাকে সিংড়া থানায় হস্তান্তর করে র‍্যাব। আজ সোমবার দুপুরে পুলিশ তাকে নাটোর আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন