বগুড়ায় রাইসমিল মালিককে হাত-পা বেঁধে হত্যা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবগঠিত বেতগাড়ী ইউনিয়নের ফেনিগ্রাম এলাকায় নিজ রাইসমিল থেকে মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক বৃদ্ধের হাত-পা ও মুখ বাঁধা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমার ভাঙচুর অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, ট্রান্সফরমার চুরির সময় বাধা দেওয়ায় অথবা দুর্বৃত্তদের চিনে ফেলায় তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে ফেনিগ্রামের পূর্বপাড়া এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি সামনে আসে। নিহত মোহাম্মদ আলী সরকার ওই এলাকার মৃত কছির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো গতকাল রোববার রাতেও খাবার শেষ করে মোহাম্মদ আলী সরকার নিজের রাইসমিলে ঘুমাতে যান। আজ সোমবার সকালে পাশের ডাবইর গ্রামের আতোয়ার নামে এক ব্যক্তি ওই মিলে মরিচ ভাঙাতে আসেন। তিনি এসে ডাকাডাকি করেও মিল মালিকের কোনো সাড়া না পেয়ে স্থানীয় এক ভ্যানচালককে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে secrete এসে মিলের পেছনের দরজা খোলা দেখতে পান।
ঘরের ভেতরে প্রবেশ করতেই তারা চমকে ওঠেন। তারা দেখেন, ভেতরের একটি চৌকির ওপর মোহাম্মদ আলী সরকারের হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ পড়ে আছে। তাঁর মাথার পেছনে ও মুখে রক্তাক্ত আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। পরে খবর দেওয়া হলে শিবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন এবং এসআই এস.এম জুবায়ের হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর চক্র মিলের ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশ করেছিল। টের পেয়ে মোহাম্মদ আলী সরকার চোরদের বাধা দিলে অথবা কাউকে চিনে ফেলায় তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনাস্থলে ট্রান্সফরমারটি ভাঙচুর ও ভেতরের তামা-কয়েল চুরির চেষ্টা করায় এই সন্দেহ আরও জোরালো হয়েছে।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শিবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত পর্যালোচনা করে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।
এআইএল/সকালবেলা
|