নড়াইলে পাথর বোঝাই ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ণ
নড়াইলে পাথর বোঝাই ট্রাক উল্টে শিক্ষার্থী নিহত

নড়াইল সংবাদদাতা: নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নলদীগ্রামে একটি বসতঘরের ওপর পাথর বোঝাই ট্রাক উল্টে পড়ে শামীমা আক্তার সেতু (১৪) নামে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় তার ছোট বোন মিতু গুরুতর আহত হয়েছে।

গতকাল রোববার (৫ জুলাই) রাত ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শামীমা আক্তার সেতু নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজুর মোল্যার বড় মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাতে খাবার শেষে হাফিজুর মোল্যার দুই মেয়ে সেতু ও মিতু নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে। রাত ১২টার দিকে একটি পাথর বোঝাই ট্রাক ভুলবশত হাইওয়ে ছেড়ে তাদের বাড়ির সামনের একটি অত্যন্ত সরু গ্রামীণ রাস্তায় ঢুকে পড়ে। ট্রাকটি হাফিজুর মোল্যার শোবার ঘরের সামনে পৌঁছালে অতিরিক্ত ওজনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ঘরের ওপর উল্টে পড়ে।

এ সময় মুহূর্তের মধ্যেই পুরো ঘরটি ভেঙে দুমড়েমুচড়ে যায় এবং খাটের ওপর ঘুমিয়ে থাকা দুই বোন টিনের চাল ও ভারী পাথরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দীর্ঘ চেষ্টার পর তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বড় বোন শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত ছোট বোন মিতুকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া উপজেলার নলদী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিচুজ্জামান বলেন, "দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে গেছে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন