নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: সিলেটের পর্যটন নগরী জাফলং ও ভোলাগঞ্জের সাদা পাথরের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নারায়ণগঞ্জ রিপোর্টার্স ক্লাবের বার্ষিক বনভোজন-২০২৬।
গত ২ জুলাই (বৃহস্পতিবার) রাতে ১৯ জনের একটি দল সড়ক পথে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। ক্লাবের সভাপতি মোঃ মনিরুল আলমের সার্বিক সহযোগিতায় এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন ও যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জল হোসেন মাসুমের পরিচালনায় এই আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়।
পরদিন শুক্রবার সকালে সিলেটে পৌঁছে সদস্যরা প্রথমে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে তারা আগুন পাহাড় পরিদর্শন এবং দুপুরের মধ্যে জাফলং জেলা পরিষদের ডাক বাংলোর রেস্ট হাউসে পৌঁছান। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে জাফলং-এর জিরো পয়েন্ট, ঝর্ণা স্পট, খাসিয়া পল্লী ও চা বাগানের চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন ক্লাবের সদস্যরা। রাতে রেস্ট হাউসে অবস্থানকালীন সকল সদস্যের মাঝে ক্লাবের আইডি কার্ড ও আকর্ষণীয় গোলাপি রঙের টি-শার্ট বিতরণ করা হয়।
ভ্রমণের দ্বিতীয় দিন, শনিবার (৪ জুলাই) সকালে জাফলং থেকে সদস্যরা সিলেটের ভোলাগঞ্জের বিখ্যাত ‘সাদা পাথর’ পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। সেখানকার চোখধাঁধানো রূপ ও শীতল জলধারা উপভোগ শেষে বিকেলে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু করে পুরো দল।
আনন্দঘন এই ভ্রমণে ক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাধারণ সদস্য ও বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি অংশ নেন। পেশাগত ব্যস্ততার মাঝেও এমন চমৎকার ও সুশৃঙ্খল একটি আয়োজনের জন্য ক্লাবের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এআইএল/সকালবেলা
|