তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা, বন্ধ থাকবে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫০ অপরাহ্ণ
তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা, বন্ধ থাকবে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলো

অনলাইন ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য ও জানাজার অনুষ্ঠানকে কেন্দ্র করে সোমবার (৬ জুলাই) রাজধানী তেহরানের আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নিরাপত্তার স্বার্থে এবং শেষকৃত্যের আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকার কারণে রাজধানী তেহরানের অভ্যন্তরীণ রুটের প্রধান কেন্দ্র ‘মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর’ এবং আন্তর্জাতিক রুটের প্রধান প্রবেশদ্বার ‘ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে’ সব ধরনের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, মেহরাবাদ বিমানবন্দরে আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) থেকে নিয়মিত ফ্লাইট ও স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা থাকলেও, ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরটি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে আরও কিছু সময় সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, আগামী ৯ জুলাই আয়াতুল্লাহ আলী খামেনির চূড়ান্ত দাফন অনুষ্ঠান সম্পন্ন হবে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে। আর সেই অনুষ্ঠান উপলক্ষে ওই দিন (৯ জুলাই) মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ রাখা হবে। ফলে ৯ জুলাই মাশহাদ শহরের ‘শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে’ কোনো বিমান ওঠানামা করতে পারবে না এবং সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। তবে মধ্যবর্তী সময় হিসেবে ৭ ও ৮ জুলাই তেহরান ও মাশহাদ বাদে দেশের অন্যান্য অঞ্চলের বিমান চলাচল ও আকাশসীমা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গতকাল রবিবার তেহরানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখ লাখ মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় এই শোক ও চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই দেশটির সার্বিক আকাশ নিরাপত্তা নিশ্চিত করতে এই কড়া ব্যবস্থা নিয়েছে তেহরান প্রশাসন।

মন্তব্য করুন