প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালেন সৌদি যুবরাজ

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানালেন সৌদি যুবরাজ

কূটনৈতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ। 

আজ সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

বৈঠক শেষে মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশ সফরের ব্যাপারেও গভীর আগ্রহ প্রকাশ করেছেন। সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সময়সূচি দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ঢাকায় সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত ইব্রাহিম আবদুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন