কাভার্ডভ্যানের ধাক্কায় প্রকৌশলীর স্ত্রী নিহত
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন।
আজ সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারী আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উদ্দেশ্যে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে বেঁচে যান প্রকৌশলী আমজাদ হোসেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। তারা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। একই সাথে ধাওয়া করে ঘটনার সাথে জড়িত কাভার্ডভ্যানটি জব্দ করাসহ এর চালককে আটক করতে সক্ষম হয় পুলিশ।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পরপরই ঘাতক কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটি আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে হাইওয়ে থানায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার পর এপিএসসিএল কলোনি ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এআইএল/সকালবেলা
|