দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ণ
দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে: অর্থমন্ত্রী

অর্থনীতি ডেস্ক: ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে এক মুহূর্ত সময় নষ্ট না করে পুরো দেশকে সম্পূর্ণ ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ডিজিটাল প্রযুক্তির মূল লক্ষ্য হলো সেবা সহজীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করা। দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী, কৃষক ও শ্রমিকসহ প্রতিটি স্তরকে এই অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে সরকার বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ এস্তোনিয়ার প্রযুক্তিগত মডেল যাচাইয়ের জন্য বর্তমানে সরকারের একটি উচ্চপর্যায়ের টিম সেখানে অবস্থান করছে। আন্তর্জাতিক সেরা অনুশীলনগুলো দেশের আর্থিক খাতে দ্রুত কাজে লাগাতে হবে।

ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল সেবার কাভারেজ বাড়ানোর তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, জনগণ যেন ঘরে বসে অনায়াসে সেবা নিতে পারেন, তা নিশ্চিত করতে হবে। গ্রাহকদের পুরোনো অভ্যাস পরিবর্তন করে অনলাইন সেবায় অভ্যস্ত করতে প্রতিটি শাখার কর্মকর্তাদের তৎপর হতে হবে। জনগণের মূল্যবান সময়, যাতায়াত খরচ ও হয়রানি কমানোর মাধ্যমেই দেশের প্রকৃত উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। এ সময় তিনি ডিজিটাল সেবার প্রচারণায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন