মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মাদকাসক্ত ছেলের নৃশংস মারধরে মহাতাব সরকার (৬২) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৬ জুলাই) ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশাচালক ছিলেন।
থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ছেলে সুমন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকা ও পারিবারিক নানা কলহে ওই সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত। সুমনের মাদকের আসক্তির কারণে গত এক বছর আগে তাকে ছেড়ে তার স্ত্রী সুমা ঢাকায় পোশাক কারখানায় চাকরি নিয়ে চলে যান।
কয়েকদিন আগে সুমা ঢাকা থেকে বনানীপাড়ার বাড়িতে আসেন। তাঁর ফেরার পর সুমনের সাথে আবারও পারিবারিক ঝগড়া বিবাদ হয়। এরই জেরে সুমন রাগ করে গতকাল রোববার রাত ১২টার দিকে তাঁর বাবা মহাতাব সরকারের পাশে গিয়ে শুয়ে পড়ে। দীর্ঘ সময় সুমনের ঘুম না আসায় বাবা মহাতাব সরকার পরম স্নেহে দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে মাদকাসক্ত সুমন।
একপর্যায়ে সুমন বিছানা থেকে উঠে তাঁর বৃদ্ধ বাবার হাত ধরে জোরপূর্বক ঘর থেকে টেনেহিঁচড়ে বাড়ির উঠানে নিয়ে আসে। সেখানে থাকা কাঠের বাটাম দিয়ে বাবার শরীরে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বৃদ্ধ বাবা আত্মচিৎকার শুরু করলে সুমন একটি ইট দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মারা যান মহাতাব সরকার। পরে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে ঘাতক সুমন অন্ধকারেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আজ সকালে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহ ও মাদকের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকেই ঘাতক সুমন পলাতক রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এআইএল/সকালবেলা
|