কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ জনের ১০ বছর কারাদণ্ড

প্রকাশ: সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ণ
কক্সবাজারে বিদেশি পর্যটককে ধর্ষণচেষ্টা, ৩ জনের ১০ বছর কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে বেড়াতে আসা এক অস্ট্রেলিয়ান নারী পর্যটককে (৩৪) ধর্ষণচেষ্টার মামলায় তিন আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার (৬ জুলাই) দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) রোকেয়া আক্তার এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামিরা হলেন—রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচার দ্বীপ এলাকার মো. আনছারুল্লাহ (২৯), আবদুল গফুর (২৬) ও বেলাল উদ্দিন (৩৬)। অপরাধ প্রমাণিত না হওয়ায় কটেজ মালিক কাইয়ুমুল হক চৌধুরীকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা পলাতক ছিলেন।

নথি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বরে বাংলাদেশে বেড়াতে এসে কক্সবাজারের পেঁচার দ্বীপের ‘গুড ভাইব কটেজে’ ওঠেন অস্ট্রেলিয়ার নাগরিক অ্যালিসা ব্রুক এলিয়ট। ১৬ ডিসেম্বর গভীর রাতে আসামিরা কটেজের জানালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘুমন্ত অবস্থায় ওই নারীর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে পর্যটক নারী চিৎকার শুরু করলে অপরাধীরা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করলে রামু থানা পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

পুলিশি তদন্তে জানা যায়, আসামিরা প্রথমে চুরির উদ্দেশ্যে কটেজে ঢুকলেও পরবর্তীতে ওই বিদেশি নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ ঘটনায় হিমছড়ি পুলিশ ফাঁড়ির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে রামু থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর মোশাররফ হোসেন টিটু জানান, মামলায় মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও নথিপত্র পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এই রায় প্রদান করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন