গাজীপুরে অর্ধশতাধিক পোশাক শ্রমিক অসুস্থ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে কারখানার সামনে ছবি ও ভিডিও ধারণের সময় গণমাধ্যম কর্মীরা বাধার মুখে পড়েন এবং কারখানা কর্তৃপক্ষ এক সাংবাদিকের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছে।
কারখানার শ্রমিকরা জানান, সকালে একটি ফ্লোরে কাজ করার সময় হঠাৎ করেই একে একে শ্রমিকেরা বমি, মাথা ঘোরা ও শারীরিক দুর্বলতা অনুভব করতে শুরু করেন। একপর্যায়ে অনেকেই মেঝেতে লুটিয়ে পড়লে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শ্রমিক জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, কিছুদিন আগে এই ফ্লোরেই ছুটি না পেয়ে অসুস্থ অবস্থায় কাজ করতে গিয়ে লিজা বেগম নামে এক শ্রমিক মারা যান। এবারও সেই একই ফ্লোরে একের পর এক শ্রমিক অসুস্থ হলেন।
আলহেরা হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন জানান, তাঁদের হাসপাতালে অর্ধশতাধিক শ্রমিক ভর্তি হয়েছেন। চিকিৎসাধীন বেশিরভাগ শ্রমিকেরই বমি ও মাথা ঘোরার উপসর্গ রয়েছে। তাঁদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঁইয়া বলেন, “বিষয়টি জানার পর অসুস্থ শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার মূল কারণ খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এআইএল/সকালবেলা
|