দেশের ইতিহাসে প্রথম: সেনাবাঙ্কারে নেমে রণকৌশল দেখলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ণ
দেশের ইতিহাসে প্রথম: সেনাবাঙ্কারে নেমে রণকৌশল দেখলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সরাসরি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মাঠপর্যায়ের প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হলেন। শুধু তাই নয়, তিনি বাঙ্কারে নেমে এবং বিস্তীর্ণ রণক্ষেত্র পায়ে হেঁটে মাঠপর্যায়ের সাধারণ সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ‘৮ বীর’-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন সরকারপ্রধান।

প্রশিক্ষণ মাঠে পৌঁছে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর কৌশলগত ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সংশ্লিষ্ট ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে সেনাবাহিনীর সার্বিক প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত অবহিত হন তিনি। পরিদর্শনকালে তিনি অত্যন্ত মনোযোগের সঙ্গে একজন কমান্ডারের দেওয়া মৌখিক অপারেশনাল নির্দেশনা (Verbal Order) শোনেন এবং সেনাসদস্যদের দ্বারা পরিচালিত একটি লাইভ ‘রেইড’ (Raid) মহড়া সরাসরি প্রত্যক্ষ করেন।

বিশেষ এই পরিদর্শনে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের কৌশলগত অবস্থান গ্রহণ, আধুনিক সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তিনি সরাসরি সেনা বাঙ্কারে নেমে যান এবং সেখানে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সাধারণ সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল ও প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে খোলামেলা মতবিনিময় করেন। এমনকি বনের ভেতর গাছের পাতার আড়ালে ছদ্মবেশে (Camouflage) অবস্থানরত সেনাসদস্যদের একদম কাছে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদান করেন।

মহড়ার একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই রণক্ষেত্রে দায়িত্বরত সাধারণ সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা সাধারণ খাবার (Field Ration) গ্রহণ করেন এবং সবার সঙ্গে বসে চা পান করেন। দেশের সরকারপ্রধানকে এভাবে নিজেদের মাঝে একদম সাধারণ ভঙ্গিতে দীর্ঘ সময় কাটাতে দেখে উপস্থিত সেনাসদস্যদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মহড়া পরিদর্শন শেষে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের সাধারণ জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর ও অবিচল আস্থা রাখে। দেশের যেকোনো জাতীয় সংকট নিরসনে এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকা সবসময় প্রশংসনীয়।’ তিনি সেনাদের পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বক্তব্যের শেষাংশে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর আধুনিকায়ন ও সাফল্য কামনা করেন।

প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য করুন