বিজয়নগরে স্কফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৮ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য স্কফ সিরাপসহ মো. এমরান মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এমরান মিয়া কাশিনগর গ্রামের মাহফুজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় এমরান মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৮ বোতল অবৈধ ও নিষিদ্ধ স্কফ সিরাপ উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য জব্দ করে আসামিকে গ্রেপ্তার করা হয়।
বিজয়নগর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (এফআইআর নম্বর-১৫, জিআর নম্বর-২৫৫)। আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। থানা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা
|