আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরাদের তালিকায় ৭ বাংলাদেশি শিক্ষার্থী

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
আল-আজহার বিশ্ববিদ্যালয়ে সেরাদের তালিকায় ৭ বাংলাদেশি শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের স্নাতক (গ্রাজুয়েশন) পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। চার বছর মেয়াদি স্নাতকের চূড়ান্ত গড় ফলাফলের ভিত্তিতে প্রকাশিত সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছেন ৭ জন বাংলাদেশি।

সোমবার (৬ জুলাই) ধর্মতত্ত্ব অনুষদের অফিশিয়াল ফেসবুক পেজে বিভিন্ন বিভাগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলাফলে আকিদা ও দর্শন, তাফসির এবং হাদিস—এই তিন বিভাগেই বাংলাদেশি শিক্ষার্থীরা শীর্ষ স্থানগুলোতে নিজেদের নাম লেখিয়েছেন। আকিদা ও দর্শন বিভাগ: এই বিভাগে চার বছরের গড়ে ৯৪.০৮% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশি শিক্ষার্থী মাহবুবুল আলম। একই বিভাগে ৯৩.৪৩% নম্বর নিয়ে দ্বিতীয় হয়েছেন মাহফুজুর রহমান এবং ৯১.০৭% নম্বর পেয়ে সপ্তম স্থান অর্জন করেছেন মুহা. রেজাউল করীম। তাফসির বিভাগ: এ বিভাগে ৯৫.০৩% নম্বর নিয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন মাসুম বিল্লাহ গুলজার। এছাড়া ৯২.২৯% নম্বর নিয়ে ষষ্ঠ হয়েছেন ইয়াকুব বিন ইসহাক এবং ৯০% নম্বর পেয়ে দশম স্থান অর্জন করেছেন আতিকুল ইসলাম। হাদিস বিভাগ: এই বিভাগে চার বছরের গড়ে ৯০.০৬% নম্বর পেয়ে সেরা দশের তালিকায় নিজের স্থান নিশ্চিত করেছেন জুবায়ের আহমদ।

বিশ্বব্যাপী ইসলামি শিক্ষা ও গবেষণার শীর্ষ কেন্দ্র আল-আজহারে একযোগে এতজন বাংলাদেশির এই গৌরবোজ্জ্বল সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করেছে। শিক্ষাবিদদের মতে, এই অভাবনীয় অর্জন শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের ফল এবং এটি বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার এক অনন্য প্রমাণ। এই ধারাবাহিকতা ভবিষ্যতে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা খাতকে আরও সমৃদ্ধ করবে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন