উসকানিদাতা আ.লীগ নেতাদের বিষয়ে ভারতকে জানানো হবে

প্রকাশ: মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ণ
উসকানিদাতা আ.লীগ নেতাদের বিষয়ে ভারতকে জানানো হবে

বিশেষ প্রতিনিধি: ভারতে অবস্থান করে আওয়ামী লীগ নেতাদের উসকানিমূলক বক্তব্যের বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে ভারত সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। 

মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সাম্প্রতিক অডিও-ভিডিও বার্তার প্রতি তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উল্লেখ করেন, এসব বক্তব্যে ঢাকাকে রক্তের বন্যায় ভাসিয়ে দেওয়া এবং মোহাম্মদপুর যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে না পারে, সেজন্য কর্মীদের উসকানি দেওয়া হচ্ছে।

এর জবাবে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “ভারতে বসে তাঁরা যে কর্মকাণ্ড চালাচ্ছেন, তা নিয়ে আগেও আমাদের সরকারের পক্ষ থেকে দ্বিপক্ষীয়ভাবে কথা বলা হয়েছে এবং সামনেও বলা হবে। কারণ এদের মধ্যে অনেকেই একাধিক মামলার আসামি, অনেকের নামে ওয়ারেন্ট রয়েছে এবং কারো কারো সাজাও হয়েছে। বক্তব্য দেওয়া তো দূরের কথা, তাঁদের বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। রাষ্ট্রীয় জায়গা থেকে আমরা এই দাবি নিয়মিতভাবে জানিয়ে আসছি এবং তা জারি থাকবে।”

সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী গ্রেপ্তারের সময় ধাওয়া খেয়ে তুরাগ নদে ডুবে নিখোঁজ ও মৃত্যুর ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমের আলোচনার বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি একে অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত আখ্যা দিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি তাঁরাও এই রাষ্ট্রের নাগরিক এবং তাঁদের জীবনও মূল্যবান। তবে ইনভেস্টিগেটিভ রিপোর্টে স্পষ্টভাবে দেখা গেছে, তাঁরা মূলত পালাতে গিয়েই এমন পরিস্থিতির শিকার হয়েছেন।” তিনি সকলকে দেশের আইন মেনে চলার আহ্বান জানান।

দলটির আইনি অবস্থান স্পষ্ট করে উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়নি, তবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। আদালত সব পক্ষের বক্তব্য শুনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তদন্ত চলছে, তাই সেই সময় পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন