ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার ইয়ঙ্গি
ক্রীড়া ডেস্ক: ফুটবল বিশ্বকাপের তুমুল উত্তেজনার মাঝেই মাঠের বাইরের একটি বিশেষ ঘটনা বিশ্ব ক্রীড়াঙ্গন ও মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের তরুণ ও উদীয়মান ফরোয়ার্ড টেটে ইয়ঙ্গি।
২৫ বছর বয়সী এই তারকা স্ট্রাইকার বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়ার ঠিক আগে নিজ শহর অ্যাডিলেডের একটি মসজিদে জুমার নামাজ শেষে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
টেটে ইয়ঙ্গির ইসলাম গ্রহণের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত ইসলামিক স্কলার মুফতি মেঙ্ক। তাঁর উপস্থিতিতেই ইয়ঙ্গি আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করেন।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে ইয়ঙ্গি জানান, ইসলাম ধর্ম গ্রহণের এই সিদ্ধান্তটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত ছিল না। বেশ কিছুদিন ধরেই তিনি ইসলাম ধর্মের আদর্শ, সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কে জানার চেষ্টা করছিলেন। মসজিদে মুফতি মেঙ্কের সাথে সাক্ষাতের সময় তিনি ইয়ঙ্গির কাছে জানতে চান যে তিনি শাহাদাহ পাঠ করেছেন কি না। ইয়ঙ্গি ‘না’ বললে মুফতি মেঙ্ক তাঁকে তখনই ইসলামে দীক্ষিত হওয়ার আমন্ত্রণ জানান। ইয়ঙ্গি সানন্দে সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন।
১.৯৭ মিটার উচ্চতার এই দীর্ঘদেহী স্ট্রাইকার বর্তমানে অস্ট্রেলিয়া জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বিশ্বকাপের ঠিক আগে সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে তাঁর অভিষেক হয় এবং অভিষেকেই দুর্দান্ত গোল করে দলকে হার থেকে রক্ষা করেন। সেই চমৎকার পারফরম্যান্সের ধারাবাহিকতায় বিশ্বকাপের মূল পর্বেও কোচের অন্যতম ভরসা হয়ে উঠেছেন তিনি।
ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের অনুভূতি প্রকাশ করে টেটে ইয়ঙ্গি বলেন, তিনি তাঁর নতুন ধর্মীয় পরিচয় নিয়ে অত্যন্ত গর্বিত। মাঠে ও মাঠের বাইরে নিজের সততা, আচরণ ও মানবিকতার মাধ্যমে বিশ্ববাসীর কাছে ইসলামের প্রকৃত সৌন্দর্য ও শান্তিপ্রিয় রূপ তুলে ধরতে চান তিনি।
এআইএল/সকালবেলা
|