ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা, একাধিক শহরে বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যে ইরানে আবারও ব্যাপক বোমাবর্ষণ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এ নিয়ে টানা নয় দিন ধরে দেশটিতে হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, সোমবার ভোরে দেশটির একাধিক কৌশলগত শহরে একযোগে যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার সময় তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাশাহর এবং বন্দর ইমাম খোমেনি এলাকায় বিকট শব্দে একাধিক বিস্ফোরণ ঘটে।
পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক কমান্ড সেন্টারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো বাণিজ্যিক জাহাজে আক্রমণ পরিচালনা করতে না পারে, তাদের সেই সামরিক সক্ষমতা খর্ব করতেই নতুন করে এই আক্রমণ চালানো হয়েছে। তবে মার্কিন সেনাবাহিনী হামলার নির্দিষ্ট স্থান বা ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও ইমাম খোমেনি বন্দরনগরীতে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ ছাড়া দক্ষিণ উপকূলের হরমোজগান প্রদেশের সিরিক ও জাস্ক শহর এবং বুশেহর প্রদেশের খোরমুজ শহরের কাছেও ব্যাপক বিস্ফোরণের খবর মিলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ তাবরিজ শহরের কাছে অন্তত তিনটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এ সময় উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের কোনারাক ও চাবাহার বন্দর এলাকায় ইরানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান এই প্রত্যক্ষ সামরিক সঙ্ঘাত পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
|