শ্রীনগরে বাসের ধাক্কায় নারী নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পথচারী হিসেবে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী (৩২) নিহত হয়েছেন।
আজ সোমবার (২০ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শ্রীনগর ফেরিঘাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর পেলেই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত স্থান থেকে মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ঢাকামুখী ‘আরাম পরিবহন’ নামক একটি বাস থেকে নেমে ওই নারী সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির অন্য একটি যাত্রীবাহী বাস তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে মরদেহটি হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, নগদ এক হাজার টাকা এবং একটি ব্যাগ উদ্ধার করে পুলিশের হেফাজতে জমা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহতের নাম-পরিচয় উদ্বারের চেষ্টা চলছে। একই সাথে ঘাতক বাসটিকে চিহ্নিত করা এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|