বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ণ
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে অবস্থিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের (ইউএস স্টেট ডিপার্টমেন্ট) সদর দফতর।

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান চরম সামরিক উত্তেজনা এবং যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির আশঙ্কায় বিশ্বজুড়ে বসবাসরত ও ভ্রমণরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা (ওয়ার্ল্ডওয়াইড ক্যাশন) জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রোববার (১৮ জুলাই) ওয়াশিংটন থেকে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানরত মার্কিন নাগরিকদের দৈনন্দিন চলাফেরা ও আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বনের কড়া পরামর্শ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে একটি গণমাধ্যমকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল রূপ ধারণ করেছে এবং যেকোনো সময় এর আরও অবনতি ঘটতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত আমেরিকানদের নিয়মিত স্থানীয় খবরাখবর রাখার এবং সার্বিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত সতর্কবার্তায় স্পষ্ট করা হয়েছে যে, চলমান এই সংকটে শুধু মধ্যপ্রাচ্যই নয়, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন নাগরিক ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠান এখন উচ্চ নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ইরানপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বিশ্বের যেকোনো স্থানে আমেরিকানদের ওপর বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু বানাতে পারে বলে প্রবল আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানার বাইরেও বেশ কিছু মার্কিন কূটনৈতিক মিশন ও দূতাবাস হামলার ঝুঁকিতে পড়েছে বলে সূত্রটি নিশ্চিত করেছে।

মার্কিন প্রশাসন সতর্ক করে বলেছে, এই ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে যেকোনো সময় আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল আকস্মিক বাতিল হওয়া কিংবা বিভিন্ন দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এটি আন্তর্জাতিক যাতায়াত ও ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটাতে পারে। এ অবস্থায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার এবং সংশ্লিষ্ট দেশে নিযুক্ত মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য ও নিরাপত্তা আপডেট পেতে মার্কিন নাগরিকেরা যেন অবিলম্বে ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’-এ (এসটিইপি) নিজেদের নাম ও অবস্থান নিবন্ধন করেন।

পাশাপাশি তাত্ক্ষণিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট - সিকিউরিটি আপডেটস ফর ইউএস সিটিজেনস’ চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অফিশিয়াল হ্যান্ডেলটি অনুসরণ করতে বলা হয়েছে। যেকোনো দেশে নতুন করে ভ্রমণের পরিকল্পনা করার আগে ভ্রমণকারীদের তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট দেশের বিস্তারিত ভ্রমণ নির্দেশিকা ও সাম্প্রতিক সতর্কবার্তাগুলো ভালোভাবে দেখে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন