গুম, খুন ও নির্যাতনের শিকারদের কল্যাণে গঠিত হচ্ছে নতুন অধিদপ্তর
অনলাইন ডেস্ক: গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাঁদের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কল্যাণ, চিকিৎসা, আইনি সুরক্ষা ও পু পুনর্বাসন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) এ উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় মন্ত্রী আহমেদ আযম খান বলেন, "জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের জন্য 'জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর' গঠন করা হয়েছে। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে যাঁরা গুম, খুন, পঙ্গুত্ব বা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদেরও রাষ্ট্রীয় স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করা জরুরি। ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী শক্তি জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে না পারে, সে জন্য স্থায়ী ব্যবস্থা গড়ে তোলা আবশ্যক।"
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, "মুক্তিযুদ্ধের মূল আদর্শ ছিল মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষা করা। ২০০৯ পরবর্তী সময়ে যাঁরা ভোটাধিকার রক্ষা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন দিয়েছেন কিংবা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব।"
সভায় 'রুলস অব বিজনেস, ১৯৯৬' সংশোধনের মাধ্যমে এ কার্যক্রম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত করা, ভুক্তভোগীদের অধিকার ও ক্ষতিপূরণ নিশ্চিতে নতুন আইন প্রণয়ন এবং নতুন অধিদপ্তর প্রতিষ্ঠার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়।
এআইএল/সকালবেলা
|